প্রবাস

জাপানের তিন শহরের বিখ্যাত স্থানে আজহারী

দ্বীন প্রচারের কাজে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করছেন ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করা আজহারী বর্তমানে আছেন জাপানে। সেখানকার তিনটি শহরের কয়েকটি বিখ্যাত অবস্থানের তথ্য তিনি নিজেই জানিয়েছেন।

 

গত ১৪ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আজহারী চারটি ছবি পোস্ট করেছেন। সেখানে আলাদা আলাদা ক্যাপশনে তিনি জানিয়েছেন নিজের বর্তমান অবস্থানের কথা। যদিও মূল ক্যাপশনে তিনি ইসলামী দাওয়াতকেই ফোকাস করেছেন।

 

আজহারী ওই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আদ-দা’ওয়াহ ইলাল্লাহ’ কোন মওসুমি কাজ নয়। এটা একজন দ্বা’য়ীর সার্বক্ষণিক কাজ। ইটস এ্যা লাইফলং কমিটমেন্ট।

 

দেশে কিংবা প্রবাসে, মিম্বারে কিংবা মঞ্চে, অনলাইনে কিংবা অফলাইনে, কি-বোর্ডে কিংবা ক্যামেরার সামনে; একজন দ্বা’য়ী সর্বদা কুরআনের আলো ফেরি করেন। গণমানুষকে কল্যানের পথে আহ্বান করেন। আশাবাদী করে তোলেন হতাশায় আচ্ছন্ন বনি আদমকে। উজ্জীবিত করেন বোধ ও বিশ্বাসের পরশে।

 

পরে চারটি ছবি পোস্ট করেছেন। দুটি ছবি ইয়োকোহামার ওসানবাসি ডেকের, একটি ছবি ফুজির খাওয়াগুচি হ্রদের পাশে তোলা এবং অপর ছবিটি উমিহোতারুর আকুয়া লাইনের পাশে।

 

এর আগে দীর্ঘদিন মালয়েশিয়া থাকার পর হুট করেই দেশে ফিরেছিলেন জনপ্রিয় এ ইসলামি আলোচক। নিরবে এসে আবার ১০ দিনের মাথায় ফিরেও গিয়েছিলেন তিনি। তার এই ছোট্ট সফরের পর এখন বিভিন্ন দেশেই ঘুরে বেড়াচ্ছেন দ্বীন প্রচারের কাজে।

 

ফেসবুক-ইউটিউবে সব সময় সরব আজহারী গত ১১ অক্টোবর মালয়েশিয়া ফিরে যান। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যান। তবে কবে মার্কিন মুলুকে গেছেন সেটা জানা যায়নি। কিন্তু গত ২ নভেম্বর ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে নিজের অবস্থান জানিয়েছেন এই ইসলামী আলোচক।

 

এদিকে তার জাপানের ছবিগুলো নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ২ লাখের বেশি মানুষ রিয়্যাক্ট করেছেন। আর কমেন্ট সংখ্যা বিশ হাজার ছাড়িয়েছে। প্রায় দুই হাজার মানুষ তার ওই ছবি শেয়ারও করেছেন।

 

আরও খবর

Sponsered content